দুই হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৬
চট্টগ্রাম বন্দরের সাইলো জেটিতে প্রায় ২ হাজার টন গম নিয়ে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটির নাম ব্লু প্যাসিফিক। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইন্দোনেশিয়া থেকে ভোজ্যতেল নিয়ে আসা গোল্ডেন ব্লেসিং নামে অপর একটি জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়। ব্লু প্যাসিফিকের সকল নাবিক অক্ষত অবস্থায় তীরে উঠতে পেরেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন ইত্তেফাককে বলেন, ব্লু প্যাসিফিক জাহাজটি আগে থেকেই বন্দরের সাইলো জেটিতে ভেড়ানো ছিল। সকাল ১০টায় গোল্ডেন ব্লেসিং জাহাজটি সেখানে ভেড়ার সময় ব্লু প্যাসিফিকের পেছন দিকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পরই ব্লু প্যাসিফিক ডুবে যায়। দুর্ঘটনার দায়ে গোল্ডেন ব্লেসিংকে আটক করা হয়েছে।