আধিপত্য বিস্তারকে কেন্দ করে গত বুধবার সন্ধ্যায় হাতিয়ার চানন্দী ইউনিয়নের হাসিনা বাজারে প্রতিপক্ষের হামলায় দুই আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, সফিক (৪৫) ও আমিনুল হক (৩৫)। এসময় আহত হয়েছে ৮ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগ সমর্থিত সফিক ও স্বতন্ত্র এমপি সমর্থিত প্রতিপক্ষ কামাল গ্রুপের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই জন নিহত ছাড়াও আহত হয়েছে, আব্দুর রহিম (৩০), সজিল ব্যাপারি (৪০), শরিফ (২৮), রাকিব (৩২), তারিফ (৩৩), নুরউদ্দিন (৩৫), মোরশেদ (৩৯) ও নবীর উদ্দিন (২৯)। সফিকের মৃত্যুর খবর শুনে তার ছেলে মেয়েরা আমিনুল হকের বাড়িতে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকেরা ঐ বাড়িতে আগুন দেয়। এতে সফিকের ছেলে অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্ল্যাহ বলেন, আওয়ামী লীগ নেতা সাবেক এমপি মোহাম্মদ আলী ও স্বতন্ত্র দলীয় এমপি প্রকৌশলী ফজলুল আজিম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি জানান, চরে ধান কাটার আধিপত্য নিয়ে হাতিয়ার দুই নেতার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
