মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে রায় রবিবার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২৩:০৩
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে আগামী ৩ নভেম্বর রবিবার রায় ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায় ঘোষণা অপেক্ষমান রাখা হয়। মূলত বুদ্ধিজীবী অপহরণের পর নির্যাতন ও হত্যার ১১ অভিযোগে তত্কালীন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের এই দুই নেতার বিচার হচ্ছে। এটি হবে যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের নবম এবং ট্রাইব্যুনাল-২ এর ষষ্ঠ রায়। মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের অনুপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধের ১১টি ঘটনায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক, ছয়জন সাংবাদিক ও তিনজন চিকিত্সকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মুঈনুদ্দিন ছিলেন আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ এবং আশরাফ ছিলেন চিফ এক্সিকিউটর। আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। আর চৌধুরী মুঈনুদ্দীনের বাড়ি ফেনীর দাগনভুঞার চানপুরে।