খ্রীষ্ট ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ যখন কথা বলেন, তখন সেটি অনুসারিদের কাছে অনেক বড় ব্যাপার। তার বাণী শোনার জন্য সেখানে হাজির হন হাজার হাজার অনুসারী। পিনপতন নিরবতার মধ্যে তারা বাণী শোনেন। কিন্তু সম্প্রতি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের ‘শো’ চুরি করে নেয় এক শিশু। শিশুটি নিজের অজান্তেই ক্ষুদে তারকা বনে গেছে।
আসল ঘটনা হলো, গত শনিবার রাতে সেন্ট পিটার্স স্কোয়ারে লাখো ভক্তের সামনে বাণী দিচ্ছিলেন পোপ ফ্রান্সিস। পোপ তার চেয়ার ছেড়ে উঠে সামনে রাখা মাইক্রোফোনে ভক্তদের উদ্দেশে বাণী দিতে শুরু করেন। এই অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এক পর্যায়ে দেখা গেল, কোত্থেকে দৃশ্যপটে হাজির হয়েচ্ছে এক ছোট্ট শিশু। সাদা ডোরাকাটা শার্ট, জিন্সের প্যান্ট পরা। বেশ ভারিক্কি চালে সে পোপের পেছনে গিয়ে ভালো করে তাকে দেখে নিল। এরপর পোপের জন্য সংরক্ষিত চেয়ারের দিকে এগিয়ে গেল। এরপর দুই হাতে ভর করে সে চেয়ারে উঠে বসল। এরপর কিছুক্ষন পা দুলাতে থাকে। টিভি দর্শকদের এবং উপস্থিত ভক্তদের চোখ তখন পোপের উপর থেকে সরে শিশুটির দিকে। তার এই কান্ডকারখানা দেখে সবাই হতবাক। সে কোথা থেকে এল তা কেউ ভেবে পেল না। এক পর্যায়ে সে চেয়ার ছেড়ে নেমে পোপের পিঠে থাবা বসিয়ে দিল। এরপর হা ডু ডু খেলার মতো করে পা জড়িয়ে ধরল! পোপের ‘শো’ না হয়ে সেটি হয়ে গেল ওই পিচ্চিটার ‘শো’। এই ঘটনার পর সে বিশ্বমিডিয়ায় রীতিমতো আলোচিত চরিত্র বনে গেছে। সবার কৌতুহল -কে এই শিশুটি। সেখানে কিভাবে পৌছালো সে।-দিল্লি টাইমস
