চট্টগ্রামে অবরোধ সফল করতে ১৮ দলের প্রস্তুতি শুরু

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২৩:০৫
চট্টগ্রামে ১৮ দল আগামী সোমবার থেকে তিনদিনের অবরোধ কর্মসূচি সফল করতে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, কেন্দ্র থেকে অবরোধসহ যে কোন কঠোর কর্মসূচি পালনে ইতিমধ্যে নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। গত সপ্তাহে তিন দিনের হরতাল কর্মসূচির আরো কঠোর ও ব্যাপকভাবে আগামী দিনের কর্মসূচি পালনে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা যায়। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ নিজ নিজ নির্বাচনী এলাকায় সরকার বিরোধী কর্মসূচি পালনে নেতা-কর্মীদের সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় নেতৃবৃন্দের মতে, আন্দোলন ছাড়াও আগামী নির্বাচনকে টার্গেট করে বিভিন্ন নেতৃবৃন্দ নিজ এলাকায় প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছেন। বিশেষ করে মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে শো-ডাউন করছেন। এদিকে সরকার বিরোধী ১৮ দলের আন্দোলনে হেফাজতে ইসলাম প্রত্যক্ষভাবে মাঠে না নামলেও পরোক্ষভাবে তারা মাঠে নামতে শুরু করেছে।