গল্প নয় সত্যি

কমিক্স নিয়ে ট্যাটু

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:১১
নানা ধরনের পশু-পাখির ছবি থেকে ফুল-লতা-পাতা কিংবা তারকা শিল্পীর মুখাবয়ব থেকে শুরু করে নানা বর্ণ আর শব্দের সমাহার হাল ফ্যাশনের নারী-পুরুষের শরীরে এমন কত রকমের উল্কি বা ট্যাটুরই তো দেখা মেলে। তবে একেকবার এ ধরনের ট্যাটু করানোটা যেমন কষ্টসাধ্য ও ব্যয়বহুল তেমনি চাইলে চট করে পুরোনো কোনো ট্যাটু শরীর থেকে মুছে ফেলাও নেহাত সহজ কোনো কর্ম নয়। আর তাই ট্যাটুর প্রতি আশৈশব একটা লোভ থাকলেও একই ডিজাইনের ট্যাটু দিনের পর দিন শরীরে বয়ে বেড়ানোর বিষয়টি মোটেও পছন্দনীয় ছিল না আমেরিকান শিল্পী প্যাট্রিক ইউরিকের। কিন্তু তাই বলে সত্যিকারের ট্যাটুর পরিবর্তে ক্ষণস্থায়ী কোনো ট্যাটু স্টিকার বা ট্যাটু পেইন্টিংয়ের দিকেও ঝুঁকতে চাইছিলেন না প্যাট্রিক। অবশেষে কমিক্স এর প্রতি তার ভালোবাসা আর ট্যাটুর প্রতি তার। দূর্বলতা-এই দু’য়ে মিলিয়েই অভিনব এক পন্থা বের করে ফেলেন প্যাট্রিক। কম পয়সায় ট্যাটু করানোর একটি কুপন পেয়ে নিজের হাতেই চার প্যানেল বা চার বক্সের একটি খালি কমিক্স স্ট্রিপ আঁকিয়ে নেন প্যাট্রিক। মজার বিষয় হলো চার বক্সের এই কমিক্স স্ট্রিপে প্রধান প্রধান চরিত্রের মুখাবয়ব আঁকার স্থান এবং এর সাথে সংলাপ বক্স বা স্পিচ বাবলের জায়গাটি খালি রেখে দেন প্যাট্রিক। আর এই ফাঁকা জায়গাগুলোতে প্রতিদিন নিত্য-নতুন চিত্র আঁকা ও সংলাপ লেখার মাধ্যমেই হাতের উল্কিতে বৈচিত্র্য আনতে সক্ষম হন প্যাট্রিক। এ প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে প্যাট্রিক বলেন, ‘গেল প্রায় এক দশক ধরেই ট্যাটু করানোর ইচ্ছাটা আমি মনের মাঝে লালন করে আসছি। কিন্তু কখনোই নিজের জন্য সে অর্থে পছন্দসই কোনো ডিজাইন খুঁজে বের করতে পারিনি। তাছাড়া একটি মাত্র ডিজাইন। দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে এমনটাও আমি মেনে নিতে পারছিলাম না। অবশেষে আমার মাথায় ট্যাটুর মাধ্যমে কমিক্স স্ট্রিপ আঁঁকার এই বুদ্ধিটা আসে। জনপ্রিয় কমিক্স স্ট্রিপ ক্যালভিন অ্যান্ড হবসের স্রষ্টা বিল ওয়াটারসনের প্রতি শ্রদ্ধা জানাতেই আমি চার প্যানেলের একটি স্ট্রিপ ট্যাটু করার সিদ্ধান্ত নেই। এই খালি বক্সগুলোতে কখনো কখনো আমি দিনে দু’বারও কালি দিয়ে নিজের মতো করে চরিত্র আঁকি বা সংলাপ লিখি। আবার কখনও কখনও ভালো কোনো সংলাপের জন্য আমাকে কয়েক দিনও অপেক্ষা করতে হয়। আমার ইচ্ছা আছে এভাবে কয়েক শ’ ভিন্ন ভিন্ন সংলাপের পর্ব শেষ হওয়ার পর সেখান থেকে বাছাই পঞ্চাশটি নিয়ে একটি সুন্দর বই প্রকাশ করার।’ গেল কিছুদিন ধরে হাতে আঁকা প্যাট্রিক ইউরিকের এমন কিছু ট্যাটু বা উল্কি দেখতে ঢুঁ মারতে পারেন http://myarmthecomic.tumblr.com-এই ঠিকানায়।