অপরিণত নবজাতকদের চক্ষু চিকিত্সা সেবার উদ্যোগ

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:১৮
বর্তমান বিশ্বে ১ কোটি ৯০ লক্ষ শিশু দৃষ্টি প্রতিবন্ধী, তার মধ্যে ১৪ লক্ষ শিশু অন্ধ এবং প্রায় সাড়ে ৩ লক্ষ শিশু ৩ মাস বয়স পূরণ হবার পূর্বেই অন্ধত্ববরণ করে। বিশ্বে প্রতি মিনিটে একজন শিশু অন্ধত্ববরণ করছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩৭ লক্ষ অপরিণত নবজাতক শিশুর জন্ম হয়। তাদের মধ্যে প্রায় ২৫ হাজার শিশুর ওজন ১.৫ কেজি বা তার চেয়ে কম হয়। এ বাস্তবতাকে সামনে রেখে আন্তর্জাতিক সংস্থা ‘অরবিস ইন্টারন্যাশনাল’ বাংলাদেশে এ ধরনের শিশুদের চিহ্নিত করে চক্ষু চিকিত্সা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে ‘অরবিস ইন্টারন্যাশনাল’ এর সহায়তায় এ প্রকল্পটি ঢাকাস্থ ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল (ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ঢাকা) বাস্তবায়ন শুরু করেছে। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিউনেটাল ফোরাম-বিএনএফ ও অরবিস ইন্টারন্যাশনাল যৌথভাবে সভাটির আয়োজন করে। সভায় জানানো হয়, অপরিণত বয়সে জন্ম লাভ করা শিশুদের সঠিক সময়ে চিহ্নিত করে অন্ধত্ব রোধে দেশে প্রথমবারের মত কাজ শুরু করায় অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ কান্ট্রি অফিস প্রশংসার দাবি রাখে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রথমত এ ধরনের রোগীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি জাতীয়ভাবে এ ধরনের রোগীদের একটি পরিসংখ্যান নির্ণয় করাও জরুরি। এ ধরনের রোগ প্রতিরোধে সকলকে এক সাথে কাজ করতে হবে।