যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরে আন্তঃজেলা শিক্ষক-ছাত্র বিতর্ক প্রতিযোগিতা সম্প্রতি সিংহজানি হাই স্কুলে সম্পন্ন হয়। ব্র্যাক পেইস আয়োজিত প্রতিযোগিতায় জেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক পর্বে ৬টি স্কুল অংশগ্রহণ করে। শিক্ষক বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল কেবলমাত্র আইনই পারে ইভটিজিং বন্ধ করতে। এ পর্বে সরিষাবাড়ি উপজেলার বয়ড়া ইসরাইল হাই স্কুল চ্যম্পিয়ন এবং রুদ্র বয়ড়া হাই স্কুল রানার্স আপ হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের মেহেদী হাসান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
অপরদিকে শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিষয় ছিল পরীক্ষায় ভাল ফলাফলের জন্য অভিভাবকের ভূমিকাই প্রধান। জেলার ইসলামপুর উপজেলার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বালিকা বিদ্যালয় চ্যম্পিয়ন, সদর উপজেলার মামুন স্মৃতি পাবলিক স্কুল রানার্স আপ এবং একই স্কুলের আহসান হাবিব শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল খালেক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনন্তা ইসলাম পৃথক মডারেটরের দায়িত্ব পালন করেন। বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, ফারুক আহম্মদ, ব্র্যাক জেলা ম্যানেজার রফিকুল ইসলাম, শিক্ষা পেইস এলাকা ব্যবস্থাপক শাহিনুর রহমান, সেক্টর স্পেশালিস্ট রোকেয়া খান, প্রোগ্রাম অফিসার আনিসুর রহমান, হুমায়ুন কবির, নুরুন্নবী, শহিদুল ইসলাম, মুসফিকুর রহমান, সাংবাদিক-মানবাধিকার কর্মী শাহ্ জামাল প্রমুখ।
