উলিপুরে উচ্চ ফলনশীল বিনা ৭, ব্রি ধান-৪৯ ও বিআর-১১ চাষে ব্যাপক সাড়া পড়েছে। শুধু তাই নয় উচ্চ ফলনশীল এসব ধান চাষ করে এ অঞ্চলের কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতা ও ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তি ও টেকনিক্যাল পরামর্শে এসব কৃষক ধান উত্পাদনে ব্যাপক সাফল্য পায়। জানা যায়, ব্র্যাক আগে থেকেই আমন চারা রোপণ, কীটনাশক স্প্রে, নিড়ানি ও সার প্রয়োগ সম্পর্কে কৃষকদের উত্সাহিত করে থাকেন। এছাড়াও তাদের পরামর্শে গরু ছাগলের হাত থেকে ফসল রক্ষা করতে রাস্তা ও জমির আইল সংলগ্ন পতিত জমিতে ব্যাপকহারে সবজি চাষ করে বাড়তি আয়ও করছে তারা। পোকা-মাকড়ের হাত থেকে ফসল রক্ষায় ‘টি’ কিংবা গোল পোষ্ট পাচিং ও লোগো পদ্ধতি কৃষকদের ব্যবহারে আগ্রহী করে তোলায় ধান ক্ষেতের রোগ বালাই কমে গেছে। ফলে কৃষকরা অল্প খরচে এখন অধিক ফসল ফলাতে পাচ্ছে।
