প্রস্তুত কলকাতা

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:০০
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারত। সফরকারি দল ইতোমধ্যে ভারতে এসে প্রস্তুতি ম্যাচও খেলছে। তবে শচীন টেন্ডুলকারের অবসর ঘোষণার পরেই নিশ্চিত হয়ে যায় দুই দলের মধ্যকার এই লড়াই ছাপিয়ে সিরিজের মূল আকর্ষণ হয়ে উঠবেন তিনিই। আগামী ছয় নভেম্বর থেকে শুরু যাওয়া কলকাতা টেস্টের মাধ্যমেই টেন্ডুলকারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষের শুরু হতে যাচ্ছে। এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) ও জানাল ব্যাটিং কিংবদন্তী তার ১৯৯তম টেস্ট উপলক্ষে অভূতপূর্ব এক সংবর্ধনা দিতে ভালোভাবেই প্রস্তুত তারাও। ক্রিকেট ছাড়ার আগে ব্যাটিংয়ের প্রায় সবগুলো রেকর্ড পকেটে পুড়েই বিদায় নিচ্ছেন শচীন। সুদীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে অনেক অনেক রেকর্ডের পাশাপাশি টেন্ডুলকার পেয়েছেন হাজারো সংবর্ধনা আর পুরস্কারও। তবে সিএবি’র এই সংবর্ধনাকে বিশেষ বলতেই হচ্ছে। কারণ, এক-দুই নয় টেন্ডুলকার যখন ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবেন তখন ১৯৯ কেজি গোলাপ ফুলের পাপড়ি ছিটানোর কথা চিন্তা করছে তারা! টেন্ডুলকারের ১৯৯তম টেস্টকে স্মরণীয় করে রাখতেই এমন ভাবনা। একই কারণে টেস্টের তৃতীয় দিনে আকাশে ওড়ানো হবে ১৯৯টি ফানুশও। ইডেন গার্ডেনের বিশাল পরিসরে যে এসময় দর্শক ধারণের জায়গাও থাকবে না সেটা সহজেই অনুমেয়। তবে গ্যালারির শোভা বাড়াতে থাকবেন ক্রিকেটের মহারথীরাও। সিএনএন আইবিএন বলছে, তাদের মধ্যে থাকবেন শচীনের দুই বড় ভক্ত ভিভ রিচার্ডস এবং শেন ওয়ার্নও। এ তো মাঠের বাইরের খবর। কোন পিচে শচীন খেলবেন তার ১৯৯তম টেস্ট, গবেষণা চলছে তা নিয়েও। আইসিসির নিয়ম অনুযায়ী কোন আন্তর্জাতিক ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ শুরুর দু’সপ্তাহের মধ্যে কোন ঘরোয়া ম্যাচ আয়োজন করা যাবে না। তবে, সিএবি বিসিসিআইকে অনুরোধ জানিয়েছিল বেঙ্গল-বারোদার মধ্যকার রঞ্জি ট্রফির ম্যাচটি ইডেনের নতুন পিচে আয়োজনের সুযোগ দিতে। এই পিচের ফলাফল যদি সন্তোষজনক হয় তবে সেখানেই ১৯৯তম টেস্টে নামবেন শচীন। তবে বেঙ্গলের এই অনুরোধে মোটেই খুশি নন ইডেনের পিচ কিউরেটর প্রবীর মুখার্জী। টেলিগ্রাফকে তিনি জানিয়েছেন, টেস্ট শুরুর আগে ফার্স্ট ক্লাস ম্যাচ আয়োজন করে কোনভাবেই পিচকে ঝুঁকির মুখে ফেলতে পারেন না তিনি।