আবার কেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:১৫
মাস নয়, বছর নয়, যুগ যুগ ধরে অর্পিত সম্পত্তির হয়রানির শিকার হয়েছিল কিংবা হয়ে আসছে দেশের কত না মানুষ। বর্তমান সরকারের আইন অনুযায়ী সম্প্রতি কারো কারো অর্পিত সম্পত্তি হওয়ার পরে যাঁরা খাজনাপাতি দিয়ে যখন সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেন ঠিক তখনি জানা গেলো, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সাব জজ-১, জজকোর্ট বসানো হবে জেলায় জেলায়। সেখানে উকিলের মাধ্যমে বিষয়টি ভূমি জরিপ অফিসের সঙ্গে এবার ফয়সালা করে নিতে হবে। অর্থাত্ অবমুক্তির ব্যাপারে ভূমি জরিপ অফিসে বিষয়টি লিপিবদ্ধ করার জন্য এহেন কাজটি সম্পন্ন করতে হবে এবার। একথা শুনে এক বৃদ্ধ জানালেন, আমার কেনা জমি অর্পিত তালিকায় ওঠানোর কারণে কম হয়রানির শিকার হইনি। ফাইল নিয়ে কোর্টে দৌড়াদৌড়ির ফলে উকিল-মহুরির পেছনে লাখ লাখ টাকা খরচ করে প্রায় সর্বস্ব হারিয়েছি। ইতোমধ্যে আবেদন করে উকিল নিয়োগ করে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে জমি অবমুক্তির আদেশ পেয়ে খাজনাও দিলাম। সেইসঙ্গে সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে গিয়ে ঠিকঠাকভাবে নামজারিও করে নিলাম। এখন আবার এ কোন জ্বালা! কেনইবা এবার আমাকে যেতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সাব জজ-১ জজকোর্টে। সেখানে যাওয়া মানেই পুনরায় উকিল নিয়োগ করে পকেটের অর্থকড়ি খসে যাওয়া। ইতোমধ্যে কোর্টে কাগজপত্র পেশ করলাম, পরীক্ষা-নিরীক্ষা হলো তারপর জমি অবমুক্ত হলো। এখন আবার কী! এখন আমাদের কোনোই দায়-দায়িত্ব থাকতে পারে না। সহজভাবে বুঝি, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যাঁরা বসাবেন কিংবা যাঁরা দায়িত্বে থাকবেন তাঁরা জেলা-উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় থেকে অবমুক্তির তালিকা নিয়ে ভূমি জরিপ অফিসে লিপিবদ্ধ করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। প্রয়োজনে তাঁরা আমাদের চিঠি দিয়ে অবমুক্তির আদেশের ফটোকপি জমা দেওয়ার জন্য জানাতে পারেন। এসব কথা শুনে আরেক বৃদ্ধ বললেন—বুঝলেন না ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ফাঁদ পেতে সাধারণ মানুষকে আবারও হয়রানি করবে! কেন এত হয়রানির ফাঁদ? যাঁরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ফাঁদ পাতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা জনগণকে হয়রানিতেই ফেলবেন...। তাই ভূমি মন্ত্রণালয়ের সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের প্রস্তুতি ফাঁদ ভেঙে দিন। সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় থেকে অর্পিত সম্পত্তি অবমুক্তির তালিকা নিয়ে তা লিপিবদ্ধ করার জন্য ভূমি জরিপ অফিসকে জরুরিভাবে নির্দেশ দিন। দেশের মানুষকে অযথা সাব জজ-১, জজকোর্টে পাঠিয়ে ভিড়ভাট্টা আর ফাইলের স্তূপ বাড়িয়ে কী লাভ! ঢাকা