ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের জয়

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:৩৬
মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম দোলেশ্বর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল শুক্রবার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। বিকেএসপি’র তিন নম্বর মাঠে খেলাঘর সমাজকল্যাণ সংস্থাকে ১০ রানে পরাজিত করে মোহামেডান। অন্যদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাত উইকেটের সহজ জয় পায় প্রাইম দোলেশ্বর। মোহামেডানের পঞ্চম জয় সহজ প্রতিপক্ষ খেলাঘরের বিপক্ষে কষ্ট করে জিততে হল মোহামেডানকে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খেলাঘর। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২০৫ রান করে মোহামেডান। দলের হয়ে অধিনায়ক রাজিন সালেহ সর্বোচ্চ ৬০ রান করেন। খেলাঘরের ফোরকান নাজিমুদ্দিন রিপন দুটি করে উইকেট পান। জবাবে অনেক লড়াই করার পর শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ১৯৫ রানে অল আউট হয় খেলাঘর। ইংলিশ ব্যাটসম্যান ড্যানিয়েল মার্ক হোসেগো সর্বোচ্চ ৫৩ রান করেন। মোহামেডানের হয়ে দেলোয়ার হোসেন চারটি ও সামিউল্লা সিনওয়ারি তিনটি উইকেট পান। দেলওয়ার ম্যান অব দ্য ম্যাচ হন। এই জয়ে মোহামেডানের অর্জন এখন আট খেলা শেষে ১০ পয়েন্ট । জয়ে ফিরলো প্রাইম দোলেশ্বর এবারের লিগে দারুণ শুরুর পর হঠাত্ করেই যেন ছন্দ হারিয়ে ফেলে প্রাইম দোলেশ্বর। শেষ ম্যাচে তাদের খেলাঘরের মতো দলের কাছেও হারতে হয়। তবে, দুই খেলার পরই ছন্দে ফিরে আসে প্রাইম দোলেশ্বর। শুধু তাই নয় গতকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাত উইকেটের দাপুটে জয় পায় প্রাইম দোলেশ্বর। ব্রাদার্স এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রান তোলে। নাফিস ইকবাল সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া ওপেনার ইমতিয়াজ হোসেন করেন ৫২ রান। প্রাইম দোলেশ্বরের সাব্বির রুম্মান চারটি উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পান সফিউল আলম ও তাউজুল ইসলাম। জবাবে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি দোলেশ্বরকে। ৪১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ইংলিশ ব্যাটসম্যান ডোয়িড মিলান সর্বোচ্চ ৮৩ রান করেন। ওপেনার মেহেদি মারুফ ৫৪ ও রনি তালুকদার ৫৭ রান করেন। বোলিংয়ের পর ব্যাট হাতেও দারুণ পারফরম করেন রুম্মান। ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে প্রাইম দোলেশ্বর। সংক্ষিপ্ত স্কোর মোহামেডান—খেলাঘর মোহামেডান : ৫০ ওভারে ২০৫/৮ (রাজিন সালেহ ৬০, সামিউল্লাহ শিনওয়ারি ৩৯, দেলোয়ার হোসেন ৩৩; ফয়সাল হোসেন ২/৩৪, ফোরকান ২/৪৬) খেলাঘর : ৪৯.১ ওভারে ১৯৫ (ড্যানিয়েল হোসেগো ৫৩, ফয়সাল হোসেন ৩০, মানুষুম খান ২৭; দেলোয়ার হোসেন ৪/২৫, সামিউল্লাহ শিনওয়ারি ৩/৫৫, মুরাদ খান ২/২৫) ম্যান অফ দ্যা ম্যাচ : দেলোয়ার হোসেন মোহামেডান ১০ রানে জয়ী ব্রাদার্স ইউনিয়ন—প্রাইম দোলেশ্বর ব্রাদার্স ইউনিয়ন : ৫০ ওভারে ২৫১/৯ (নাফিস ইকবাল ৫৮, ইমতিয়াজ হোসেন ৫৪, থিলান সামারাবিরা ৪২; সাব্বির রুম্মান ৪/৩৬, তাইজুল ইসলাম ২/৪০, সফিউল ইসলাম ২/৪৪) প্রাইম দোলেশ্বর : ৪১ ওভারে ২৫৭/৩ (ডোয়িড মিলান ৮৩, রনি তালুকদার ৫৭, মেহেদি মারুফ ৫৪, সাব্বির রুম্মান ৫১; ইমতিয়াজ হোসেন ১/৪৬) ম্যান অফ দ্যা ম্যাচ : সাব্বির রুম্মান প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী।