গত ২৭-২৯ অক্টোবরের ৬০ ঘণ্টা হরতালে সারা দেশে পুলিশ-র্যাব ও সন্ত্রাসীদের গুলিতে নিহত নেতাকর্মীদের স্মরণে গতকাল শুক্রবার বাদ আছর নয়াপল্টনে বিএনপির কেন্দ ীয় কার্যালয়ের সামনে ১৮ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের শপথ নিতে বলেছেন। ফখরুল বলেন, হরতাল চলাকালে স্বৈরাচারী সরকার ২০জন গণতন্ত্রকামী মানুষকে হত্যা করেছে। এসব শহীদের রক্তের ওপর দিয়ে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবো। গণতন্ত্রের স্বার্থে নির্দলীয় সরকারের ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। মির্জা ফখরুল বলেন, বিজয় অর্জিত হলেই শহীদদের আত্মা শান্তি পাবে।
গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, বরকতউল্লাহ বুলু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন। ১৮ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। জানাজায় ইমামতি করেন ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক।
গতকাল সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচি পালন করে ১৮ দল। কেন্দ ীয়ভাবে নয়াপল্টনে এই নামায পড়ার আগে বাধা দেয় পুলিশ। পরে অনুমতি দেয়।
