বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র গোপনে আড়িপাতার গোয়েন্দা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি বিভিন্ন দেশে মার্কিন গুপ্তচরবৃত্তির খবর ফাঁস হবার পর বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এই সমালোচনার মুখে মার্কিন গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যবস্থার পুনঃপর্যালোচনার অংশ হিসেবে এ নির্দেশ দিয়েছেন ওবামা। খবর রয়টার্সের।
বিষয়টির সঙ্গে যুক্ত ওবামা প্রশাসনের এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন। সমপ্রতি এনএসএ’র সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের তথ্যে মিত্রদেশ, পরামর্শক গোষ্ঠী ও নিজ নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক গোয়েন্দাগিরি ও আড়িপেতে গোপনে বিপুল তথ্য সংগ্রহের বিষয়টি ফাঁস হয়ে যায়। এ নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনা ছাড়াও কূটনৈতিক বিপর্যয়ের শিকার হয় দেশটি। ফ্রান্স, জার্মানির মতো ঘনিষ্ঠ মিত্রদেশের নেতাদের ফোনে গোপনে আড়িপাতা নিয়ে সৃষ্ট টানাপোড়েনে বিব্রত যুক্তরাষ্ট্র এনএসএ’র সার্বিক কার্যক্রম পুনঃপর্যালোচনা শুরু করে। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে সাড়া দিয়ে ওবামা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিশ্বব্যাংক ও আইএমএফ এর সদর দপ্তরে আর নজরদারি করছে না যুক্তরাষ্ট্র। ওবামা এ ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে প্রথমবারের মতো প্রকাশিত ওই সরকারি ভাষ্যে জানা গেছে।
