১৩ দফা দাবি আদায় এবং প্রস্তাবিত কওমী মাদ্রাসা শিক্ষা আইন প্রতিহত করতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। বাদ জোহর হাটহাজারী কলেজ ময়দানে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। সমাবেশে কেন্দ ীয় নেতৃবৃন্দসহ সারা দেশ থেকে লক্ষাধিক নেতাকর্মী যোগ দেবেন বলে হেফাজতের শীর্ষ নেতারা জানিয়েছেন। সমাবেশের জন্য প্রশাসনের অনুমতি নেয়া হয়েছে বলে জানান তারা। হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ইত্তেফাককে বলেন, আমরা চাই প্রস্তাবিত আইনটি প্রত্যাহার করে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হোক। এছাড়া সংসদের বর্তমান অধিবেশনেই ১৩ দফা মেনে নিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতেও সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এদিকে আজকের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার এক বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। বিবৃতিতে তিনি রাসূলের কটূক্তিকারী ব্লগারদের গ্রেফতার করে শাস্তি প্রদান, ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান করে আইন পাস, সংবিধানে আল্লাহর ওপর আস্থার নীতি ফিরিয়ে আনাসহ ১৩ দফা দাবি বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সমর্থন কামনা করেন। তিনি সরকারের প্রতি আলেম উলামাদের ওপর হয়রানি বন্ধ, দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তি দেয়ার আহবান জানান। একই সাথে নাস্তিক ব্লগারসহ ধর্ম অবমানকারীদের পক্ষ নেয়া ও সাহায্য-সহযোগিতা থেকে বিরত থাকার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানান। বিবৃতিতে তিনি বলেন, মুসলমানদের ঈমানী দৌলত ও হিম্মতের কাছে কোনো শক্তিই টিকে থাকতে পারে না।
তিনি বলেন, কোন উলামা মাশায়েখ এককভাবে কোনো স্পর্শকাতর বিষয়ে মতামত ও সিদ্ধান্তের কথা কখনো প্রকাশ করবেন না।
