বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার ভারত সফর অস্বাভাবিক কিছু নয়। ভারতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আমাদের নিয়মিত পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া হয়ে থাকে। কারণ অনেক দেশই মনে করে, দক্ষিণ এশিয়ায় ভারত নেতৃত্বের ভূমিকা পালন করছে। তারা বিভিন্ন বিষয়ে আমাদের মনোভাব অনুধাবন করতে চায়। স্বাভাবিক কূটনৈতিক নিয়মের অংশ হিসাবে তাদের সঙ্গে আমরা মত বিনিময় করি। গত বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন এসব কথা বলেন। ভারত সফরকালে মজীনা সাউথ ব্লকের মধ্যম সারির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে তিনি জানান। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় ভারতের মনোভাব জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
