ঘোষণা অনুযায়ী ইউসিবি ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি না করায় গতকাল শুক্রবার সকালে শহরের চাষাঢ়া এলাকায় উত্তেজিত টিকিট সংগ্রহার্থী ১৫ থেকে ২০টি যানবাহন ভাংচুর করে। এসময় বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ছুঁড়েছে।
৯ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: আরেফিন, শাহাদাত, আমির হোসেন, জহিরুল, ওয়ালিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, ওমর ফারুক, রিংকু ও ফজলে রাব্বি। বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর থেকেই ক্রিকেটপ্রেমীরা তৃতীয় ওয়ানডে ক্রিকেট খেলার টিকিটের জন্য শহরের চাষাঢ়ায় ইউসিবিএল ব্যাংকের নিচে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। ব্যাংকের প্রহরীরা সকাল ৮টায় জানিয়ে দেন টিকিট বিক্রি হবে শনিবার। লাইনে থাকা কয়েকশ’ মানুষ উত্তেজিত হয়ে পড়েন। তারা ইউসিবিএল-এর নিচে বঙ্গবন্ধু সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। ব্যাংকের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। এসময় তারা বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ করে দেন। বঙ্গবন্ধু সড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশাসহ ১৫-২০টি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। শুরু হয় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ছোঁড়ে। ৯টায় পরিস্থিতি শান্ত হয়। সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে, ৯ জনকে আটক করেছে।
