বাংলাদেশের সোনালী আঁশ এখন যৌবন হারিয়ে ধুঁকছে। কিন্তু এই পাট থেকে কত আকর্ষণীয় পণ্য হতে পারে তার প্রমাণ মিলবে আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হওয়া প্রদর্শনী দেখে। ফ্যাশনেবল ব্যাগগুলো মন কেড়ে নেবে যে কারো। রয়েছে পর্দা, বেড কভার, কুশন, ডাইনিং ম্যাট প্রভৃতি। তবে এসব পণ্যের ডিজাইন এবং মুক্তা, পাথর ও ধাতুর নানারকমের কারুকাজ দর্শকদের মুগ্ধ করবে নিঃসন্দেহে। পাট আমাদের ঐতিহ্যবাহী সোনালী আঁশ হলেও ডিজাইনার আফসানা আহমেদ সোমার হাতে এই আঁশ হয়ে উঠেছে আধুনিক। পণ্যগুলোও আন্তর্জাতিক মানের।
‘ডালসানিয়া’র স্বত্বাধিকারী আফসানা আহমেদ সোমা জানান, এটা আমার প্যাশন। গত বিশ বছর ধরে আমি ডিজাইন ও এ ধরনের পণ্য তৈরি করছি। আমাদের পাট থেকে কত সূক্ষ্ম কারুকাজ করা যায় তা বলা যাবে না। সিনথেটিক পণ্যের চাইতে এসব পণ্য অনেক বেশি ফ্যাশনেবল এবং পরিবেশ-বান্ধব। আমি সবসময় চেষ্টা করি মানুষ যাতে পরিবেশ-বান্ধব পণ্য ব্যবহার করে।
গতকাল শুক্রবার ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে পাটজাতীয় পণ্য প্রদর্শনী। ‘ডালসানিয়া’ নামের এ প্রতিষ্ঠানের উদ্যোগে ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী। উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক অলিভিয়ার লিতভিন ও আফসানা আহমেদ সোমার স্বামী গীতিকার আসিফ ইকবাল।
আব্বাসউদ্দিন আহমেদ স্মরণে অনুষ্ঠান
মরমী শিল্পী আব্বাস উদ্দিন আহমদের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আব্বাস উদ্দিনের ভক্ত ও অনুরাগীগণ সভায় আলোচনা করেন। পরে ছিল কবিতা পাঠের আসর।
