পুরুষরাও ছুটছেন ‘স্পা’ সেন্টারে

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২২:৪৮
সৌন্দর্য চর্চা এখন আর শুধু মেয়েদের বিষয় নয়। ছেলেদের জন্যও এটি সমান গুরুত্ব বহন করে। নিজেকে বাইরে আর ভেতর থেকে সুন্দর রাখা আজকের করপোরেট বিশ্বে একটি বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হয়। বিশেষ করে ক্যারিয়ার সচেতন পুরুষরা এখন সুন্দর, সুস্থ আর কর্মক্ষম থাকার চেষ্টা করেন, কম-বেশি সৌন্দর্য চর্চা করেন। তাই প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তি পেতে পুরুষদের কাছে বাড়ছে ‘স্পা’র আকর্ষণ। আর এটাকে পুঁজি করে রাজধানীতে শুধুমাত্র পুরুষদের জন্য গড়ে উঠেছে একাধিক ‘স্পা’ সেন্টার বা স্যালুন। দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে পুরুষদের জন্য রয়েছে আলাদা ‘স্পা’ সেন্টার। ব্যবস্থাপক একজন থাই নাগরিক। এই সেন্টারের কর্মকর্তা সৌমি রহমান জানান, তরুণ থেকে প্রবীণ অনেকেই তাদের এখানে আসেন ‘স্পা’ সেবা নিতে। এখানে রিল্যাকজন, মাসাজ, স্ক্রাবিং, প্যাডিকিউর, ম্যানিকিউর এবং মশ্চারাইজিং-এর ব্যবস্থা রয়েছে। আরও আছে তেল দিয়ে ও তেল ছাড়া আয়ুর্বেদিক মাসাজ, ‘এ্যারোমেটিক ফুড বাথ’ ও ‘হট স্টোনপ্যাক মাসাজ’। এ সব মাসাজে রয়েছে বিশেষ প্যাকেজ সুবিধা। ১১ হাজার ৫শ’ টাকার সাথে ভ্যাট যোগ করে যে কেউ এই ‘স্পা’ সেবা গ্রহণ করতে পারেন। সৌমি বলেন, তাদের ‘জাকুজি’ পদ্ধতির মাসাজ খুবই জনপ্রিয়। তাছাড়া ‘সুইডস মাসাজ’, ‘এ্যারোমেটিক ওয়েল মাসাজ’ সেবাও নেন অতিথিরা। ৫ থেকে ৩০ হাজার টাকায় এখানে স্পা করানোর ব্যবস্থা আছে। এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ‘স্পা জার্নি’ সম্পূর্ণ করে একজন মানুষ অবসাদ দূর করে কর্মস্পৃহা ফিরে পেতে পারেন। একই কথা বললেন ‘হেয়ারোবিকস’ এর কর্ণধার শাদীন মোহাম্মদ মাহমুদ। তিনি বলেন, ‘স্পা’ একটি আয়ুর্বেদিক পদ্ধতি। এটি আধুনিকায়ন হয়ে এসেছে আমাদের নগর জীবনে। মৃদু আলো মানুষের মনে আবেগ সঞ্চার করে। তাই আমরা ‘স্পা জার্নি’তে অনেক সময় মোমের আলো ব্যবহার করি। তিনি জানান, এই জীবনের নানা সমস্যা যখন আপনাকে নিদ্রাহীন করে তোলে তখন আপনি নিতে পারেন ‘শিরধার স্পা’। এটি অনিদ্রা দূর করে দেয় সজিবতা। একটি কাঁসা কিংবা পিতলের পাত্রে ইষত্ উষ্ণ ভেষজ তেল ছোট্ট একটি ফুটো দিয়ে ফোটা ফোটা করে কপালের মাঝখানে ফেলা হয়। এই গরম তেলের ফোটার অভিঘাত দূর করে অনিদ্রা আর সাইনাসের ব্যথা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘স্পা’ সেবা প্রদানকারী জানান, ‘সাওনা সিম জাগোসি স্পা’র কথা। যা ছেলেরা বেশি নিয়ে থাকেন। ‘জাগোসি’ একটি গোল বাথটাব। যার মধ্যে থাকে বাবল। এই বাবলগুলোর স্পর্শ পেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। এই জার্নির পরিসমাপ্তি ঘটে একটি স্নিগ্ধ স্নান শেষে আপেল খাওয়ার মধ্য দিয়ে। ১৫শ’ থেকে ৩৫শ’ টাকায় এই সেবা নেয়া যাবে এখানে। ধানমন্ডির ‘পারসোনা অ্যাডামস’ এর কর্মকর্তা মাসুম বিল্লাহ খান বলেন, যখন একজন গ্রাহক আমাদের কাছে আসেন তখন আমরা সর্বোচ্চ সেবা দিয়ে তার ক্লান্তি দূর করার চেষ্টা করি। তিনি বলেন, ‘স্পা’ বাইরের সৌন্দর্যের চেয়ে অভ্যন্তরীণ সৌন্দর্যের উপর বেশি গুরুত্ব দেয়। আর একজন মানুষ ভেতর থেকে সুন্দর হলে তার প্রভাব বাইরেও পড়ে।