আসামে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫০
আসামে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বিক্ষোভকারীরা সহিংস হয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আসামের গোয়ালপাড়া জেলায় বিক্ষোভে এই রক্তপাতের ঘটনা ঘটে। একটি কাউন্সিল নির্বাচন নিয়ে সৃষ্ট বিতণ্ডার জের ধরে প্রতিবাদ করতে হাজার হাজার গ্রামবাসী কৃষ্ণাই নামক স্থানের ন্যাশনাল হাইওয়েতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কারণে হাজার হাজার যানবাহন হাইওয়ের উভয় পাশে আটকা পড়ে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা একটি দূরপাল্লার বাসে ভাংচুর শুরু করে এবং আগুন লাগিয়ে দেয়। এর ফলে অবরুদ্ধ সকল যানবাহনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে রাজপথে অবস্থান নেয়া পুলিশ এসময় বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যায়। পুলিশ প্রথমে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। কিন্তু হাজার হাজার বিক্ষোভকারীকে লাঠিপেটা করে সরাতে ব্যর্থ হয় পুলিশ। এরপর তারা টিয়ারগ্যাস নিক্ষেপ করে। কিন্তু তাতে বিক্ষোভকারীরা আরো সহিংস হয়ে ওঠে। তারা শ্লোগান দিতে দিতে আবার ভাঙচুরে নেমে পড়ে। পুলিশ এক পর্যায়ে গুলিবর্ষণ শুরু করে। মুহুর্মুহু গুলিবর্ষণে এক বিক্ষোভকারী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের নাম শহীদুল ইসলাম (২২)। এছাড়া আরো ১০ জন শরীরে গুলিবিদ্ধ হয়। তাদের বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া লাখিপুর এলাকাতেও নির্বাচনকেন্দ্রিক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী তরুন গোগৈয়ের কুশপুত্তলিকা দাহ করে।