আজ কালী পূজা ও দীপাবলী

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫০
শ্যামা পূজা আজ শনিবার। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উত্সবটি কালী পূজা নামেও পরিচিত। একইসঙ্গে আজ উদ্যাপিত হবে দীপাবলী উত্সব। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। দেশের হিন্দু সম্প্রদায় আজ উত্সাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামা পূজা উদ্যাপন করবে। রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও রয়েছে। একইসঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে-ঘরে দীপাবলী উদ্যাপনের জন্য প্রদীপ প্রজ্বলন করা হবে। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শ্যামা পূজা উদ্যাপিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সেখানে রাতে পূজা ছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে সহস্র প্রদীপ প্রজ্বলন করা হবে। গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ মণ্ডপেও নানা ধর্মীয় কর্মসূচি আয়োজিত হবে। এছাড়া রাজধানীর রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালী মন্দির, বনগ্রাম রোডের রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দির, রায়েরবাজার শেরেবাংলা রোড কালী মন্দির, পোস্তগোলা শ্মশান, লালবাগ শ্মশান, ঠাঁটারীবাজার, শাঁখারীবাজার, তাঁতিবাজার, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সূত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামবাজার, কোতয়ালী, নারিন্দা, যুগীনগর, নবাবপুর, রাজারবাগ, বাড্ডা, মতিঝিল, রমনা, গুলশান, মোহাম্মদপুর, মিরপুর ও শ্যামপুরসহ বিভিন্ন স্থানেও শ্যামা পূজা উদ্যাপিত হবে।