অনির্বাচিত কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না :জয়

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, অনির্বাচিত কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেই আওয়ামী লীগ নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই সর্বদলীয় সরকার গঠন করা হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের দল। বিএনপিকে ভোট দিলে দেশে আবার সন্ত্রাস ও জঙ্গিবাদ ফিরে আসবে। যুদ্ধাপরাধীরা ছাড়া পেয়ে যাবে। দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে নৌকায় ভোট দেয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার গোপালগঞ্জে সাংগঠনিক সফরে যাবার সময় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নীমতলী, শ্রীনগর উপজেলার ছনবাড়ি, লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা, মাদারীপুরের শিবচর, ফরিদপুরের ভাঙ্গায়, মুকসুদপুর উপজেলায়, কাশিয়ানির ভাটিয়াপাড়াসহ ৭টি পথসভায় বক্তৃতাকালে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। সন্ধ্যার পর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন সজীব ওয়াজেদ জয়। এ সময় তার সঙ্গে ছিলেন শেখ হেলাল উদ্দিন এমপি, বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র শেখ রেহানার পুত্র রেজোয়ান সিদ্দিকী ববি। নীমতলীর পথসভায় সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপির শাসনামলে দেশে সস্ত্রাস হয়েছে। জঙ্গিবাদসহ সারা দেশে একযোগে বোমা হামলা হয়েছিল। রমনা বটমূল, ২১ আগস্ট গ্রেনেড হামলা, আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডসহ দেশে ১০ ট্রাক অস্ত্র আমদানী করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে জামায়াত-বিএনপি। তিনি বলেন, আমরা দেশ ও জনগণের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভিশন ২০২১ বাস্তবায়নে দেশের বিদ্যুত্, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, ডিজিটাল ব্যবস্থাসহ সব রকমের উন্নয়ন হয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপি আমলে ঘন্টায় ঘন্টায় বিদ্যুত্ যেতো। আমরা ক্ষমতায় এসে দেশের বিদ্যুত্ সমস্যার সমাধান করেছি। বিএনপি ৩ দিনের হরতাল দিয়ে বহু মানুষ হত্যা করেছে। অথচ ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতা সময় বেঁধে দেন। আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ ঘন্টার মধ্যে বিএনপি নেত্রীকে ফোন করে হরতাল প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। কিন্তু সে অনুরোধ উপেক্ষা করে বিএনপি নেত্রী ওয়াদা ভঙ্গ করেছেন। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সন্ধ্যার পর জাতির পিতা বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু ভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। তত্ত্বাবধায়কের মতো অনির্বাচিতদের ক্ষমতায় আসতে দেয়া হবে না। শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, দুপুরে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দী ফেরিঘাট এলাকায় এক পথসভায় সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, ঘরে ঘরে বিদ্যুত্, গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্র ও পদ্মা সেতু নির্মাণ করা হবে। ফরিদপুর সংবাদদাতা জানান, বিকালে ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় সজীব ওয়াজেদ জয় বলেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকতে প্রতিটি জেলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তিনি বলেন, নৌকায় ভোট দিলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। আর নৌকায় ভোট না দিলে ফিরে আসবে সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট। সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, শেখ হেলাল, কাজী সাকলায়েন প্রমুখ। গোপালগঞ্জে রাত কাটিয়ে আজ শনিবার সজীব ওয়াজেদ জয় বাগেরহাট, খুলনা ও যশোরে যাবেন। দুদিনের সফর শেষে আজ শনিবার যশোর থেকে বিমানে ঢাকায় ফিরবেন।