‘আমার স্বামীর কবর জিয়ারত করতে গেলেও সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে এসে আমাদের ঘেরাও করে হামলার-হত্যার চেষ্টা করে। ঘাতকেরা আদালত থেকে জামিয়ে এসে নিয়মিতই হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।’ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয়ে নরসিংদীর সাবেক মেয়র লোকমান হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুনিদের শাস্তির দাবিতে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন তার স্ত্রী তাজমহল বেগম তাজরীন। এ সময় লোকমানের বড় ছেলে ফাহাম হোসেন কার্জন, তাজরীনের ভাতিজা সোলাইমান হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তাজমহল বেগম তাজরীন বলেন, আমার স্বামী নরসিংদীর জনপ্রিয় মেয়র শহীদ লোকমান হোসেনের হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হলেও তার খুনিদের এখনো শাস্তির মুখোমুখি করা হচ্ছে না। স্বামীর খুনিদের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিলেও এখনো তাদের সবাইকে গ্রেফতার করতে পারেনি। আবার যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা আদালত থেকে জামিনে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। তাজরীন তার স্বামীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দেশবাসীর কাছে প্রয়াত স্বামীর জন্য দোয়া চান।
নরসিংদীর মেয়র লোকমান হোসেনের দ্বিতীয়
মৃত্যুবার্ষিকী পালন
নরসিংদী প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নরসিংদী পৌরসভার জনপ্রিয় সাবেক মেয়র আলহাজ্ব লোকমান হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে নরসিংদী পৌর গোরস্থানের পাশে মেয়র স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন প্রয়াত মেয়রের সহোদর বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।
সকাল ৯ টায় সংসদ সদস্য লেঃ কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন, পৌর কর্মচারী কল্যাণ পরিষদ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মেয়রের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মেয়র লোকমান হোসেন ফাউন্ডেশন আয়োজিত মাজার সংলগ্ন মাঠে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য লেঃ কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ মতিন ভূঁইয়া, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
এ সময় লোকমান হোসেনের মা মাজেদা বেগম, স্ত্রী তামান্না নুসরাত বুবলী, তার ভাই ও নরসিংদী সরকারি কলেজের ভিপি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, নরসিংদী জেলা জাপা (এরশাদ) সভাপতি শফিকুল ইসলাম সফিক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল নরসিংদী পৌর শহরের সর্বত্র কালো পতাকা উত্তোলন, লোকমানের রেকর্ডকৃত বক্তৃতা প্রচার এবং শহরের ১৫টি পয়েন্টে গণভোজের আয়োজন করা হয়।
২০১১ সালের ১ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর মেয়র শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে হত্যা করে সন্ত্রাসীরা।
