দুই প্রধানমন্ত্রীর ঘোষণার ১৭ বছর পরও কলেজ হলো না

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২০:৫৯
প্রতিষ্ঠার ২৪ বছরেও রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিট পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরিত হয়নি। এক্ষেত্রে দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা ঝুলে আছে ১৭ বছর ধরে। এই সুদীর্ঘ সময়ে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। জানা গেছে, ১৯৯৬ সালে রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২০০১ সালে রাজশাহীর মাদ্রাসা ময়দানের জনসভায় তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে উন্নীত করার ঘোষণা দেন। কিন্তু আজও এটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হয়নি। সূত্র জানায়, রামেক ডেন্টাল ইউনিটের জন্য অনুমোদিত জনবল কাঠামো ৩৪০। বর্তমানে কর্মরত আছে ২৫-৩০ জন শিক্ষক-কর্মচারী। মোট ৫৪ জন শিক্ষক পদের বিপরীতে রয়েছেন মাত্র ১৭ জন। উক্ত শিক্ষকরাও এসেছেন ডেপুটেশনে। ফলে ডেন্টাল ইউনিটের শিক্ষা ব্যবস্থা নড়বড়ে হয়ে পড়েছে। চিকিত্সা সেবার জন্য আগত রোগীরাও হয়রানির শিকার হচ্ছেন। রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পূর্বপার্শ্বে পুরান সদর হাসপাতাল ভবনে ১৯৮৯ সালে রামেক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিভিন্ন বর্ষে প্রায় আড়াইশ’ শিক্ষার্থী রয়েছেন। স্থায়ী কোনো কর্মচারী নেই বললেই চলে। প্রয়োজনীয় জনবলের অভাবে চালু করা যাচ্ছে না নবনির্মিত অত্যাধুনিক চারতলা বিশিষ্ট ভবন।