শুল্ক প্রত্যাহারের পর চা আমদানি বেড়ে গেছে

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৮
শ্রীমঙ্গল (মৌলভী বাজার সংবাদদাতা \ দেশে চায়ের আমদানি বেড়ে গেছে। অভ্যন্তরীণ বাজার মূল্য যথেষ্ট কমে বিদেশি চায়ের প্রাপ্যতা এবং একই সাথে আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুযোগে চা ব্যাপকভাবে আমদানি হচ্ছে। আর এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে চায়ের দামও কমে গেছে। চট্টগ্রাম চা নিলামবাজার সূত্রে জানা যায়, চলতি চা মৌসুমের প্রথমদিকে সপ্তম নিলামে প্রতি কেজি চায়ের গড় বিক্রয়মূল্য ছিল ২৭৮ টাকা ৩৯ পয়সা। কিন্তু ১লা অক্টোবর ২০তম নিলামে এই দাম নেমে আসে ২৩৪ টাকা ৪৯ পয়সায়। চা বাগান মালিকদের সংগঠনের চেয়ারম্যান মো:সাফওয়ান চৌধুরী বলেন, সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুযোগে কম দামে নিম্নমানের চা আমদানি হচ্ছে। শ্রীমঙ্গল চা বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালে দেশে চায়ের উত্পাদন ছিল ৬২ দশমিক ৫২ মিলিয়ন কেজি। এ সময় দেশের অভ্যন্তরে চা আমদানি হয়েছে ৪ দশমিক ৪ মিলিয়ন কেজি। চলতি বছর আগষ্ট পর্যন্ত উত্পাদন হয়েছে ৩৪ দশমিক ৩৮ মিলিয়ন কেজি।