ঈশ্বরগঞ্জে ডায়রিয়ায় একজন মহিলার মৃত্যু এবং শতাধিক আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার ডায়রিয়া আক্রান্ত হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আকলিমা (৪০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। ওই গ্রামে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে প্রায় শতাধিক। আক্রান্ত রোগীদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা গ্রামের প্রতি বাড়িতে চিকিত্সা সেবা দিচ্ছেন। ডায়রিয়ায় আক্রান্ত নারায়ণপুর গ্রামে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লক্ষ্মী নারায়ণ মজুমদারের নেতৃত্বে ২টি মেডিক্যাল টিম কাজ করছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীরা জানান, হাসপাতালে স্যালাইনের তীব্র সংকট রয়েছে। এলাকায় জনসচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার দুপুরে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় ও নারায়ণপুর বড়ভিটা হাফিজিয়া মাদ্রাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
