ডেমরায় গৃহকর্ত্রীকে অজ্ঞান করে মালামাল লুট

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৯
ডেমরা থানার সোনাপাড়া এলাকায় গৃহকর্ত্রীকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেটসহ মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটেছে। অচেতন অবস্থায় গৃহকর্ত্রী লতিফাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী লতিফা বেগমের স্বামী সেলিম মিয়া জানান, শুক্রবার রাত ১০টার দিকে ২ জন মহিলা বাসা ভাড়া নেয়ার জন্য আসেন। এ সময় লতিফা ছাড়া বাড়ির অন্যরা বেড়াতে গিয়েছিলেন। তারা বাসার ড্রইংরুমে বসে ভাড়ার বিষয়ে কথা বলার একপর্যায়ে লতিফা তাদের চা খেতে দেন। তিনিও এক কাপ চা পান করছিলেন। এ সময় লতিফা চায়ের কাপ রেখে ঘরের ভিতরে যান। ফিরে এসে ঐ চা পান করার পর লতিফা অচেতন হয়ে পড়েন। সেলিম মিয়া আরো জানান, ঐ দুই মহিলা অজ্ঞান পার্টির সদস্য। তারা বাড়ি ভাড়া নেয়ার নাম করে ছদ্মবেশে তার বাড়িতে এসেছিল। এরপর বাসার আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। এরপর লতিফার ভাগ্নে আলাউদ্দিন ওই বাসায় এসে তার খালাকে অচেতন অবস্থায় দেখে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।