আন্তঃনগর ট্রেন চালু করার আবেদন

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:৩৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৬ জুলাই বঙ্গবন্ধু সেতু থেকে তারাকান্দি পর্যন্ত রেললাইন উদ্বোধন করেছেন।বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি ও আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু সেতু দিয়ে দেশের উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুু হোক। এতে করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা থেকেও সরাসরি আন্তঃনগর ট্রেন স্বল্পতম সময়ে ময়মনসিংহ হয়ে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পার হয়ে দেশের উত্তরাঞ্চলের (রংপুর, বগুড়া, দিনাজপুর) তথা রাজশাহী, খুলনায় পৌঁছে যেতে সক্ষম হবে। এখানে উল্লেখ্য, আগে তিস্তা, যমুনা ও সুন্দরবন আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে উত্তরাঞ্চল, রাজশাহী ও খুলনায় চলাচল করতো। এতে করে বাংলাদেশ রেলওয়ে যাত্রী ও মালামাল পরিবহন বাবদ একটা বিরাট অংকের রাজস্ব আদায়ে সক্ষম হতো এবং সর্বোপরি মানুষ যোগাযোগের ক্ষেত্রে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা পেতো। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রফেসর ড. মাসুম আহমাদ, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ