আশরাফুজ্জামান ও মুঈনুদ্দীনের বিরুদ্ধে মামলার রায় আজ

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২২:৫৫
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রবিবার ঘোষণা করবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণাকে কেন্দ্র করে টাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। মূলত একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী অপহরণের পর নির্যাতন ও হত্যার ১১ অভিযোগে তত্কালীন জামায়াতে ইসলামের ছাত্র সংগঠনের এই দুই নেতার বিচার হচ্ছে। এটি হবে যুদ্ধাপরাধের বিচারে গঠিত দুটি ট্রাইব্যুনালের নবম এবং ট্রাইব্যুনাল-২ এর ষষ্ঠ রায়। এদিকে, মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে আনা সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে দাবি করে তার মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। তবে এই অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষ করেন আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত দুই আইনজীবী।