একটা সময় বাংলাদেশ নিজে নিয়মিত এই পরিস্থিতির শিকার হত- সিরিজ হেরে যাওয়ার পরও নিরুত্তাপ শেষ ম্যাচে মাঠে নামতে হত আরেকটি হারের শঙ্কা নিয়ে। এবার নিউজিল্যান্ড নিজেদের ইতিহাসে দ্বিতীয় বারের মতো বাংলাদেশের বিপক্ষে এই অনুভূতি নিয়ে আজ মাঠে নামবে। দৃশ্যত আজ ফতুল্লায় অনুষ্ঠিতব্য ম্যাচটা ‘মৃত ম্যাচ’ হলেও বাংলাদেশের কাছে এই ম্যাচের অন্য এক অর্থ আছে- এই ম্যাচ জিতলে টানা দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ করা হবে নিউজিল্যান্ডকে। মূলত সেই প্রত্যাশা নিয়েই অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ।
দারুণ এই চ্যালেঞ্জ নিয়ে আজ নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯টা ১৫ মিনিট থেকে শুরু হতে যাওয়া ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের এই শেষ ম্যাচটিও যথারীতি বাংলাদেশ টেলিভিশন ও গাজী টেলিভিশন সরাসরি সমপ্রচার করবে।
এই দু ম্যাচে পরপর নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করার পর এটা আর বলার অপেক্ষা রাখে না যে, শেষ ম্যাচেও বাংলাদেশ এগিয়ে থাকবে লড়াইয়ে। বাংলাদেশের জন্য অসাধারণ একটা ব্যাপার হল, প্রতি ম্যাচেই কেউ না কেউ রুখে দাঁড়াচ্ছেন বা অনেকে মিলে রুখে দাঁড়াচ্ছেন। দ্বিতীয় ম্যাচে যেমন একক বড় কোনো পারফরম্যান্স না থাকলেও ব্যাটে-বলে প্রায় পুরো দল দারুণ পারফরম্যান্স করায় জয় ছিনিয়ে আনতে পেরেছে বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ডের পক্ষে বাংলাদেশের কাউকে ‘টার্গেট’ করা খুব কঠিন ব্যাপা হবে।
বাংলাদেশ অবশ্য আজ শেষ ওয়ানডে ম্যাচে অনেকটাই বদলে যাওয়া দল নিয়ে মাঠে নামতে পারে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি সুস্থ ছিলেন না পেটের ব্যথায় ভুগতে থাকা তামিম ইকবাল। শেষ পর্যন্ত তিনি নামতে না পারলে গত ম্যাচে অভিষিক্ত সামসুর রহমান শুভর সঙ্গী হিসেবে আবার ফিরতে পারেন এনামুল হক বিজয়।
এদিকে দীর্ঘ ইনজুরি কাটিয়ে দারুণ ফর্মে ফেরা মাশরাফিকে নিয়ে আর ঝুঁকি না নেয়ারই পক্ষে টিম ম্যানেজমেন্ট। তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে অভিষেক ঘটিয়ে ফেলা হতে পারে তরুণ আল আমিনের। বিশ্রাম দেয়া হতে পারে প্রথম ম্যাচের হ্যাটট্রিক হিরো রুবেল হোসেনকেও। তার বদলে পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানকে দেখা যেতে পারে দলে।
বাংলাদেশ দল যখন অনেকটাই নির্ভার হয়ে এসব পরিবর্তন নিয়ে ভাবছে, তখন নিউজিল্যান্ডকে শোকের ওপর শোক সামলাতে হচ্ছে। প্রথম দুই ম্যাচ হারের পর আজ অন্তত সান্ত্বনা সূচক জয়ের সন্ধানে থাকা দলটি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে পাচ্ছে না মাঠে! পিঠে ব্যথার কারণে মাঠে খেলতে না পারা ম্যাককালামের বদলে দলকে নেতৃত্ব দেবেন কাইল মিলস।
নিউজিল্যান্ড এর আগেই ইনজুরিতে হারিয়েছে কেন উইলিয়মসনকে। এই ইনজুরি, পরাজয়ের ধাক্কার পাশাপাশি আজ উইকেটে নেমে আরেকটা ধাক্কা খেতে হতে পারে নিউজিল্যান্ডকে। প্রথম দুই ম্যাচে তাদের আতঙ্ক, নিচু বাউন্স ও ধীর গতির উইকেট সেভাবে না থাকলেও ফতুল্লায় তাদের ক্ল্যাসিক বাংলাদেশি উইকেটেই খেলতে হবে। ফতুল্লার নতুন এই উইকেট এতোটাই ধীর যে, এখানে বাংলাদেশি ব্যাটসম্যানরাও রান করতে হিমশিম খান।
