পাইপ লাইনে বিস্ফোরণ

রাজশাহীতে গ্যাস নেই

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২২:৫৯
গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণের পর রাজশাহীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার সন্ধ্যার পর থেকে মহানগরীর শিল্প, আবাসিক, বাণিজ্যিকসহ সকল গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ আছে। কবে নাগাদ এই পাইপ মেরামত হবে তা অনিশ্চিত। রাজশাহী মহানগরীর অদূরে পুঠিয়া উপজেলা বেলপুকুর এলাকায় বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের (জিটিসিএল) গ্যাস সরবরাহ লাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত স্থানে পাইপ লাইন মেরামত কাজ চলছে। তবে সেটি কতক্ষণ নাগাদ সম্পন্ন হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র মতে, শনিবার বেলা ১১টার দিকে বেলপুকুর এলাকায় জিটিসিএলের প্রধান লাইনে হঠাত্ বিস্ফোরণ ঘটে। এরপর থেকে প্রধান লাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে নগরীর খড়খড়ি এলাকায় অবস্থিত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী’র (পিজিসিএল) সংরক্ষিত গ্যাস থেকে নগরীর প্রায় দুই হাজার বাড়িতে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছিল। কিন্তু সন্ধ্যার পরে পাইপের গ্যাস ফুরিয়ে গেলে নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পাইপ লাইন বিস্ফোরণের বিষয়ে পিজিসিএল’র রাজশাহীর উপ-ব্যবস্থাপক তোফায়েল আহমেদ জানান, পাইপ লাইন বিস্ফোরণ নয়, লিকেজ হয়ে গেছে। তবে আপাতত পিজিসিএল’র সংরক্ষিত গ্যাস থেকে সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ চলছে। নগরীর বালিয়াপুকুর এলাকার গ্রাহক আরেফিন বলেন, দুপুর ১২টার পর থেকেই গ্যাসের চাপ কম ছিল। সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে।