গণজাগরণ মঞ্চের সমাবেশ

নির্বাচনে স্বাধীনতার পক্ষশক্তিকে বিজয়ী করার আহ্বান

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২৩:০০
জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল সংক্রান্ত আদালতের রায় পূর্ণাঙ্গ প্রকাশের পর অভিনন্দন জানিয়েছে গণজাগরণ মঞ্চ। একইসাথে আসন্ন জাতীয় নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ও দলকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গতকাল শনিবার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। সাম্প্রতিক হামলার প্রতিবাদে, অবিলম্বে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে মঞ্চ। সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, অবিলম্বে সকল যুদ্ধাপরাধীদের রায় কার্যকর ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শ্বাপদেরা যতদিন নিশ্চিহ্ন না হবে, ততদিন বাংলার মাটিতে শান্তি আসবে না। ইমরান বলেন, গত হরতালে দেশে স্বাধীনতাবিরোধীরা রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা কর্মকাণ্ড চালিয়েছে। এ চেষ্টা অব্যাহত রেখেছে তারা। গণমাধ্যম কর্মীদের উপর আক্রমণ করছে, বিচারকদের বাসায় বোমা মারছে। এগুলো কোনভাবেই সহ্য করা উচিত নয়। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, যারা বোমা মেরে প্রতিবাদের ভাষা প্রকাশ করে, জাতীয় পতাকাকে সম্মান করে না আর জাতীয় সংগীত গায় না তাদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। সমাবেশের পর জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল রূপসী বাংলার ফটক, শাহবাগ মোড়, টিএসসি হয়ে আবার জাদুঘরের সামনে এসে শেষ হয়।