হরতালের নামে সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২৩:০০
স্বাধীন বাংলাদেশে জামায়াত-শিবির চক্র ও তাদের সহচর বিএনপি হরতালের নামে দেশ জুড়ে যে সহিংসতা ও নৈরাজ্য চালাচ্ছে এর বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিক্ষোভ সমাবেশ থেকে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জোট আয়োজিত দেশ জুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডব রুখে দাঁড়াও শীর্ষক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, দেশের কাছে, মুক্তিযুদ্ধের চেতনার কাছে সংস্কৃতিকর্মীদের দায় রয়েছে। আর এই দায় থেকেই জামায়াত-শিবিরের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। কারণ বাংলাদেশকে আর কখনোই পাকিস্তান বানাতে দেয়া হবে না। আজকে এমন এক সময় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যখন স্বাধীনতা বিরোধী জামায়াত ও তাদের সহচর বিএনপি তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। হরতাল, নৈরাজ্য করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকল অপকর্ম ও অন্ধকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ‘যাদের বিচার হচ্ছে, তারা আসল যুদ্ধাপরাধী না।’ বক্তারা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, এরা যদি যুদ্ধাপরাধী না হয়, তাহলে একাত্তরে কারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল। তাদের জাতির সামনে পরিচয় করিয়ে দেয়ার দায়িত্বও খালেদা জিয়ার। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মফিদুল হক, জিয়াউদ্দিন তারিক আলী, ঝুনা চৌধুরী, সালাউদ্দিন বাদল, শিল্পী ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানজার চৌধুরী সুইট। শিল্পী সমর বড়ুয়ার কণ্ঠে ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘ছোটদের বড়দের সকলের, আমার এ দেশ সব মানুষের’ এই গান দুটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। এরপর শামসুর রাহমানের ‘অভিশাপ দিচ্ছি’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম। এ সময় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, প্রধান বিরোধী দলের মিত্রশক্তি জামায়াত ও তার অঙ্গসংগঠনগুলোর যৌথ প্রচেষ্টায় সংঘটিত সহিংসতা দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করছে। জামায়াতকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এনে রাজনৈতিক দল হিসাবে নয়, সন্ত্রাসী দল হিসাবে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।