নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি দাশকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহূত সভাপতিকে রাতের মধ্যে মুক্তি না দিলে আজ রবিবার নানিয়ারচরে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ত্রিদিব কান্তি দাশসহ তিনজন একটি মোটর সাইকেলযোগে গতকাল বিকাল ৫টার দিকে নানিয়াচর উপজেলা সদর থেকে রাঙ্গামাটি শহরে আসছিলেন। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে কতুকছড়ি বাজারের কাছে আসার পর একদল দুর্বৃত্ত মোটর সাইকেলের গতিরোধ করে ত্রিদিব কান্তিকে অপহরণ করে নিয়ে যায়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বর জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপিকে বিষয়টি অবগত করা হয়েছে। পুলিশ সুপার আমেনা বেগম বলেন, কারা অপহরণ করেছে তা এখনো জানা না গেলেও অপহূত আওয়ামী লীগ নেতার সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে নানিয়ারচর উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত জানান, অপহরণের ঘটনায় তাত্ক্ষণিক আওয়ামী লীগ ও যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। আওয়ামী লীগ সভাপতি ত্রিদিব কান্তি দাশকে রাতের মধ্যে নি:শর্ত মুক্তি দেয়া না হলে আজ নানিয়ারচর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
