ভারতের রাজধানী দিল্লিতে সমপ্রতি নারীদের উপর নানা ধরনের হয়রানি এবং যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। এবং সেটা উদ্বেগজনক। আর এই বিষয়টা শুধু ভারত সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে থাকেনি। দিল্লিকে নারীদের জন্য আরো বসবাস উপযোগী করে তুলতে মার্কিন যুক্তরাষ্ট্র দুই লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে। ‘দিল্লি সেইফ সিটি- ফ্রি অব ভায়োলেন্স এগেইনস্ট ওমেন্স এন্ড গার্লস’ নামে একটি প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে। লক্ষ্য দিল্লিতে ক্রমবর্ধমান নারীদের উপর হয়রানি হ্রাস করা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি জে পাওয়েল বলেন, ‘মার্কিন সরকার মনে করে, নারীদের অধিকার বাস্তবায়নের পথে এবং অর্থনীতিতে নারীদের অবদান রাখার পথে সব থেকে বড় বাধা হলো লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গভিত্তিক হয়রানি। ইউনাইটেড নেশনের সাথে মিলিতভাবে বিভিন্ন শহরকে নারীদের জন্য আরো বসবাস উপযুক্ত করার জন্য কাজ করতে পেরে আমরা আনন্দিত।’
