সুমাইয়ার ভারত সফর

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:১৬
ভারতীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশে অবস্থিত হাইকমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের যুব কর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ছাড়াই নানা পেশার ১০০ জনকে ভারত সফরে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এ ধরনের কোনো আয়োজন করা হলো। এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবেশী দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি। এবারের সফরে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর শিক্ষার্থী চতুর্থ বর্ষের সুমাইয়া তাবাসসুম। তিনি চলতি বছরের জুলাইয়ে হংকং-এ অনুষ্ঠিত ‘গ্লোবাল স্টুডেন্ট চ্যালেঞ্জ’ এ স্বর্ণপদক লাভ করেন। সুমাইয়াই আমাদের এই ভারত সফর সম্পর্কে জানান ও তার অভিজ্ঞতা বর্ণনা করেন। প্রথমে তারা দিল্লীতে যান, সেখানে কুতুব মিনার, জামা মসজিদ, রাজঘাট পরিদর্শন শেষে দিল্লী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা করেন, নিজ নিজ দেশ ও তাদের মানুষের কথা একে অপরের সাথে বিনিময় করেন তারা। সেখানে আগ্রা কেল্লা, তাজমহল, টিপু সুলতানের প্রাসাদ এসব জায়গা ঘুরে বেড়ান, যেসব জায়গার কথা শুধু ইতিহাসের পাতাতেই পড়া হয়েছে সেসব জায়গায় গিয়েছেন তারা। সেখানে মন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজের ব্যবস্থাও করা হয়। শুধু ভারতের প্রাচীন নিদর্শন না, আধুনিক ভারত দেখার সৌভাগ্যও হয় তাদের, দিল্লী বিশ্ববিদ্যালয়, আইআইএম ব্যাঙ্গালোর, ইনফোসিস ও ড. ডেভি শেট্টির হসপিটালে নিয়ে যাওয়া হয় তাদের, নতুন ভারতের শিক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দিতে। ভারতের ১৩তম ও প্রথম বাঙ্গালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে সাক্ষাত্ হয় তাদের। এ নিয়ে সুমাইয়া বলে, ‘এটি ছিলো আমাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। তিনি যুব সমাজকে অনুপ্রাণিত করতে নানা ধরনের কাজ করেছেন ও আমাদের নিজ অভিজ্ঞতা থেকে উপদেশ দিয়েছেন যা আমাদের জন্য বেশ উত্সাহব্যঞ্জক।’