নানা ঘটনায় নয় জনের অপমৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২১
চরফ্যাশনে ২ জনসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। —খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শনিবার প্রেমিকাকে না পেয়ে এরশাদ মিয়া (২০) নামে এক প্রেমিক বিষপানে আত্মহত্যা করেন। জানা যায়, এরশাদ পেশায় একজন রাজমিস্ত্রী। একই গ্রামের এক মেয়েকে সে ৫ বছর ভালবেসে এসেছেন। ঘটনার দিন মেয়ে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। এ খবর শুনে প্রেমিক প্রেমিকাকে না পাওয়ার শোকে বিষপানে আত্মহত্যা করেন। হোসেনপুর (কিশোরগঞ্জ) হোসেনপুর পৌর এলাকায় গতকাল রবিবার ধূলিহর গ্রামে পানিতে ডুবে আবদুল আউয়াল মিয়ার মেয়ে আনিকা আক্তার মম (২) নামে এক শিশু মারা গেছে। চরফ্যাশন (ভোলা) চরফ্যাশনের জিন্নাগড় ইউনিয়নের বটতলায় গতকাল রবিবার বিদ্যুত্স্পৃষ্টে আলাউদ্দিন (৪৩) ও মো. খোরশেদ আলম (৪৫) নামে দুইজন মারা যান। গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মুরাদনগর (কুমিল্লা) মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে গত শনিবার টিনের বেড়ার সাথে বিদ্যুত্স্পৃষ্টে কালা মিয়া (৪৫) নামে একজন মারা যান। রানীনগর (নওগাঁ) নওগাঁর রানীনগরে গত শনিবার পৃথক ঘটনায় সোম্মা আক্তার (৮) ও মুকিম (২৫) নামে দু’জন মারা গেছে। মুকিম বিদ্যুতের মেইন লাইন থেকে নিজ ঘরে বিদ্যুত্ সংযোগ নেয়ার সময় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গত রমজান মাসে কুকুরে কামড়ালে সোম্মা জলাতংক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা মহানগরীর চকবাজারে চারতলার বাসার ছাদ থেকে পড়ে কনক নামের ৪ বছরের এক শিশু মারা গেছে। গত শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির পারিবারিক সূত্রের বরাত দিয়ে নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই তাজুল ইসলাম জানান, শনিবার বিকাল ৪টার দিকে শিশুটি সবার অগোচরে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। তার পিতার নাম অমর চন্দ্র। বানিয়াচং (হবিগঞ্জ) বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার চাপায় নদী আক্তার নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। গত শনিবার বিকেল ৫টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানারঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নদী নন্দীপাড়া এলাকার রিকশাচালক সিরাজ মিয়ার কন্যা। পুলিশ জানায়, নদীর মা বাড়ির পার্শ্বে থানা ভবনের নলকূপে পানি নেয়ার জন্য আসেন। মায়ের সঙ্গে আসা নদী রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশা চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।