বাস্তব যে কখনও কখনও চলচ্চিত্রের দৃশ্যকেও হার মানায় সে বিষয়টিই যেন নতুন করে আরও একবার প্রমাণ করে দিলেন আমেরিকার অরল্যান্ডো অঙ্গরাজ্যের একটি গ্যাস স্টেশনের কর্মী। সম্প্রতি স্টেশনের সেফ থেকে অর্থ লুটে নেওয়ার উদ্দেশ্যে আসা এক ডাকাত এই কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেটি সেলফোনে লেগে প্রতিহত হয়। আপাত দৃষ্টিতে এই বিষয়টিকে চলচ্চিত্রের কোনো অ্যাকশন দৃশ্যে নায়কের ভাগ্যজোরে বেঁচে যাওয়ার মতো মনে হলেও বাস্তবিক অর্থেই ফোনে গুলি লাগার কারণে বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পান উইন্টার গার্ডেন নামের শহরতলীতে চাকরি করা ওই কর্মী। সিসিটিভি’তে ধারণ করা গ্যাস স্টেশনটির ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ঘটনার দিন আর দশজন সাধারণ মানুষের মতোই গ্যাস স্টেশনে এসে প্রবেশ করেন এক ব্যক্তি। তবে কোনো ধরনের জ্বালানি সংগ্রহের পরিবর্তে তিনি স্বাভাবিকভাবেই হেঁটে স্টেশনের দু’জন কর্মীর একজনকে সাহায্যের জন্য ডাকেন। আর ওই কর্মীটি তার কাছে গেলে তাকে নিজের সাথে থাকা অস্ত্রটি দেখিয়ে গ্যাস স্টেশনের সেফ খুলতে আদেশ দেন তিনি। কিন্তু গোল বাধে তখনই যখন ওই কর্মীটি বেশ কয়েকবার চেষ্টার পরও টাকা রাখার সেফটি খুলতে ব্যর্থ হন। এ সময় ডাকাতি করতে আসা ব্যক্তিটি ক্ষিপ্ত হয়ে স্টেশনের অপর এক কর্মীকে সেফটি খুলে দিতে বলেন। তবে দ্বিতীয় এই কর্মীও ব্যর্থ হলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ওই ডাকাত। এ সময় দু’জনই জীবন বাঁচাতে লাফিয়ে সরে গেলেও এদের মধ্যে একজনের শরীরে যে সত্যি ডাকাতের ছোঁড়া বুলেট এসে আঘাত করেছিল তা তাত্ক্ষণিকভাবে বুঝতে পারেননি তিনিও। পরে ডাকাত চলে যাওয়ার শার্টের পকেট থেকে মোবাইল ফোন ব্যবহার করে পুলিশকে বিষয়টি অবহিত করতে গেলে ফোনে গুলির আঘাত দেখতে পান তিনি। এদিকে বিষয়টিকে বিস্ময়কর অভিহিত করে স্থানীয় পুলিশের এক বিশেষজ্ঞ বলেছেন, গ্যাস স্টেশনের ওই কর্মী ঠিক সময় মতো লাফিয়ে সরে না গেলে এবং গুলিটি ফোনের ওপর দিয়ে না গেলে সেটি নিশ্চিতভাবেই তার তলপেটে আঘাত করত এবং এ থেকে তার মৃত্যু ঘটাটাও অস্বাভাবিক কিছু ছিল না!
