চলনবিলে মাছ চাষের জন্য বাঁধ :চাষাবাদ ব্যাহত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:৫৪
পাবনার চাটমোহরে কাবিখার অর্থে জোলার (ক্যানেল) মুখ বন্ধ করে বাঁধ নির্মাণ, দেরিতে স্লুইস গেটের কপাট খুলে দেয়ায় এবং মাছ ধরার জন্য বিলের মুখে প্রশাসনের সহায়তায় অবৈধভাবে সুঁতী বাঁধ স্থাপন করায় দক্ষিণ চলনবিলের চাটমোহর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার প্রায় ২০ হাজার হেক্টর জমির রবিশস্য আবাদ না হওয়ার আশংকা দেখা দিয়েছে। জানা গেছে, চলনবিলের দক্ষিণ অংশ পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার প্রায় ২০ হাজার হেক্টর কৃষি জমিতে দুটি জোলা (ক্যানেল) দিয়ে বর্ষার পানি ঢুকতো এবং বের হতো। ২০০৯ সালে কিনু সরকারের জোলায় পাউবোর উদ্যোগে নির্মাণ করা হয় অপরিকল্পিত একটি স্লুইস গেট। এতে ত্রুটি থাকায় পানি প্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অপরদিকে চাটমোহর উপজেলার কাটেঙ্গা বৌবাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে কাবিখা প্রকল্পের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোলার উপর বাঁধ নির্মাণ করেন। এ কারণে পুরো বিল এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর পানি শুকিয়ে গেলেও বাঁধের কারণে বিলের পানি নিষ্কাশন হচ্ছে না। কৃষকদের দাবির মুখে সম্প্রতি স্লুইস গেটের কপাট খুলে দেয়া হয়েছে। এ ব্যাপারে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রওশন আলম বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে বৌবাজারের জোলায় যে বাঁধ দেয়া হয়েছে, তা কৃষির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড বিষয়টি পাবনা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন।