সাকিবকে দেখতে প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২১:২৯
বাংলাদেশের ক্রিকেটকে অন্য একটা উচ্চতায় নিয়ে যাওয়ার বড় কৃতিত্ব সাকিব আল হাসানের। তার হাত ধরেই এই নিউজিল্যান্ডকে ২০১০ সালে বাংলাদেশ ৪-০ হোয়াইট ওয়াশ করেছিল। সেই সাকিব ডেঙ্গুতে ভুগে হাসপাতালে বসেই দেখলেন সতীর্থদের আরেকটি হোয়াইট ওয়াশ কীর্তি। এমন সময় সাকিবকে যে দেশ ভুলে যায়নি, তাই যেন বোঝা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখতে যাওয়ার ভেতর দিয়ে। গতকাল অ্যাপোলো হাসপাতালে সাকিবকে দেখতে গিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করে এসেছেন প্রধানমন্ত্রী। সকালে সাকিবকে দেখতে হাসপাতালে গিয়ে প্রায় মিনিট দশেক তার শয্যার পাশে থেকে তার সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী। চিকিত্সকদের কাছে সাকিবের অবস্থা, উন্নতি ও চিকিত্সা সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগের দিন জ্বরে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেদিনই গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পর দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সাকিব ডেঙ্গুতে ভুগছেন। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও জানানো হয়েছে।