ন্যূনতম মজুরি প্রশ্নে সমঝোতার পথে গার্মেন্টস শিল্প

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২২:২৭
গার্মেন্টস খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আজ সোমবার বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। মজুরি নির্ধারণ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ যার যার অবস্থান থেকে সরে আসছেন। ফলে আজকের বৈঠকে (৯ম বৈঠক) তাদের মধ্যে মজুরি নির্ধারণ নিয়ে একটি সমঝোতা হতে পারে বলে আশা করছেন মজুরি বোর্ডের উভয় পক্ষের প্রতিনিধিরা। মজুরি বোর্ডের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে জানা গেছে, মালিক ও শ্রমিকপক্ষকে একই অবস্থানে আনার জোর চেষ্টা চলবে আজকের বৈঠকে। গত বৃহস্পতিবারের সর্বশেষ বৈঠকে মজুরি ৫ হাজার টাকা (খাদ্য ভাতা বাদ দিয়ে) করার প্রস্তাব দিয়েছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য কামালউদ্দিন, মালিকপক্ষ রাজি হয়নি। আর শ্রমিকপক্ষের প্রতিনিধি অন্য শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে জানানোর জন্য সময় চান। আজকের বৈঠকে ৫ হাজার টাকার বিষয়ে মতৈক্য হতে পারে। তবে শ্রমিকপক্ষ চাইবে আরো কিছু বাড়ানোর জন্য এবং সেইসাথে খাদ্য ভাতাকে এর বাইরে রাখা বা মূল মজুরির বাইরে রাখার জন্য। অন্যদিকে মালিকপক্ষও মূল মজুরির সঙ্গে খাদ্য ভাতা যুক্ত রাখার চেষ্টা চালাবে। আর ৫ হাজার টাকা নির্ধারণের শর্তে সরকারের কাছ থেকে কয়েকটি দাবি আদায় করে নেয়ার চেষ্টা চালাবে। মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের সদস্য সিরাজুল ইসলাম রনি গতকাল ‘ইত্তেফাক’কে বলেন, আশা করছি সোমবার খসড়া ঠিক করতে পারব। মালিকপক্ষের প্রতিনিধি অরশাদ জামাল দিপুও খাদ্য ভর্তুকিসহ ৫ হাজার টাকায় মেনে নেয়ার বিষয়ে আভাস দিয়েছেন। গতকাল ইত্তেফাককে তিনি বলেন, আমরা সার্বিক বিবেচনায় সাড়ে চার হাজার টাকা বলেছি। কিন্তু কোন ক্রমেই ৫ হাজার টাকার বেশি মানা সম্ভব হবে না।