আগামী ১৫ নভেম্বর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম ও বাংলাদেশ তরীকত ফেডারেশন মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। গত শনিবার মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। আর গতকাল একই স্থানে মহাসমাবেশ করার কথা জানিয়েছে তরীকত ফেডারেশন।
কওমী মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ ও ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে হেফাজতে ইসলাম মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এদিকে গতকাল তরীকত ফেডারেশনের এক সভায় দলটির চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আগামী ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দেন।
তরীকত ফেডারেশন জানায়, তাদের সভায় এ ধরনের কর্মসূচি ঘোষণা করার কয়েকটি কারণ রয়েছে। সকল দলের অংশগ্রহণে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি এবং বাংলাদেশকে আফগানি তালেবান রাষ্ট্র বানানোর চক্রান্তের বিরুদ্ধে দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে এ মহাসমাবেশ করা হবে।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব সৈয়দ হাবীবুল বশর মাইজভান্ডারী, লায়ন এমএ আউয়াল, ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, ডা. আবু দাউদ মসনবী হায়দার, আলহাজ্ব সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী, আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, মো. সেলিম মিয়াজী, জাহাঙ্গীর হাসান প্রমুখ।
