ড্রোনে তালেবান প্রধানের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণা পাকিস্তানের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২২:২৮
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুণর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে ক্ষুব্ধ পাকিস্তান। গতকাল রবিবার পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মেহসুদের মাথার দাম আগেই ৫০ লাখ ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তাকে ধরা মার্কিন গোয়েন্দাদের পক্ষে এতদিন সম্ভব হয়নি। শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিম জোনে তালেবানের শক্ত ঘাঁটি আফগান সীমান্ত সংলগ্ন নর্থ ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় মেহসুদ নিহত হন। খবর রয়টার্সের। ড্রোন হামলায় এই হত্যাকাণ্ডে পাকিস্তান সরকার ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে তালেবানের সাথে ইসলামাবাদের যে শান্তি আলোচনা চলছে সেই আলোচনা ব্যর্থ করে দেয়ার জন্য এই হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইসলামাবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার বলেছেন, ‘হেকিমুল্লাহ মেহসুদকে হত্যা করার অর্থ হচ্ছে শান্তি আনার সব প্রচেষ্টাকে হত্যা করা। পাকিস্তান এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষনা দিচ্ছে।’ অপরদিকে, ইমরান খানসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ন্যাটোর রসদ বন্ধ করে দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা নিয়ে পাকিস্তানের সাথে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের কুটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে।