জন কেরি হঠাত্ মিসরে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২২:২৯
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল রবিবার হঠাত্ করেই মিসরের রাজধানী কায়রো গেছেন। এর মধ্য দিয়ে তিনি মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সফর শুরু করলেন। গণতান্ত্রিক অগ্রগতির জন্য দেশটির সেনা সমর্থিত শাসকদের ওপর চাপ সৃষ্টির জন্য তিনি এ সফর করছেন। ইসলামপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে এটাই তার প্রথম সফর। খবর বিবিসির। মুরসির বিচার শুরু হবার প্রাক্কালে কেরি মিসর গেলেন। এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র দেশটির সঙ্গে বন্ধন জোরদার ও দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনার প্রেক্ষিতে মিসরের পদক্ষেপ নিশ্চিত করতে তিনি এই সফর করছেন। সফরকালে কেরি দেশটিতে সহিংসতা বন্ধ করে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করার আহবান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতিহাস থেকে এটা প্রমাণিত যে, গণতন্ত্রই বিশ্বে একমাত্র স্থায়ী এবং প্রতিষ্ঠিত পদ্ধতি যা দেশকে স্থিতিশীল করতে পারে। আর দেশ স্থিতিশীল থাকলেই বিনিয়োগ আসে এবং চাকরির বাজার ও পর্যটনখাত শক্তিশালী হয়। কেরি মিসর না পৌছানে পর্যন্ত যুক্তরাষ্ট্রের অফিস থেকে কোনো কিছু জানানো হয়নি। ছয় ঘন্টার সফরে কেরি মিসরের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মাহমুদ মানসুর, প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ি, পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি এবং সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্র মিসরকে দেয়া বার্ষিক ১৫০ কোটি মার্কিন ডলার সহায়তার আংশিক স্থগিত করার কয়েক সপ্তাহ পর কেরি দেশটিতে সফর করলেন।