নিউজিল্যান্ড ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
রাষ্ট্রপতির অভিনন্দন
রাষ্ট্রপতি আব্দুল হামিদ এক বার্তায় ক্রিকেট দলের এই বিজয়ের জন্য খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, দেশের মাটিতে কিউইদের বিরুদ্ধে সিরিজে হোয়াইট ওয়াশ একটি স্মরণীয় ঘটনা। এই বিজয় প্রমাণ করে যে কোন শক্তিশালী দলকে হারানোর ক্ষমতা টাইগারদের রয়েছে। প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন, আগামী দিনে টাইগাররা তাদের সক্ষমতা প্রদর্শন অব্যাহত রাখবে এবং বাংলাদেশ ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
খালেদা জিয়ার অভিনন্দন
সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি আশা করি নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ নিলে ভবিষ্যতেও এ ধরনের সফলতা ধরে রাখতে সক্ষম হবে বাংলাদেশি টাইগাররা। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ কথা জানানো হয়।
জেপি’র অভিনন্দন
¬জাতীয় পার্টি (জেপি)-এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক ক্রীড়ামন্ত্রী শেখ শহীদুল ইসলাম নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেটকে আরো সম্মুখপানে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। জেপি নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও দেশ ও জাতির জন্য গৌরবময় বিজয় ছিনিয়ে আনবে।
এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জাতীয় ক্রিকেট দলকে তাদের বীরোচিত সাফল্যের জন্য অভিনন্দন জানান।
