ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রবিবার দ্বিতীয়দিনের মত ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় আন্দোলনরত শিক্ষকরা প্রশাসনিক ভাবনের সামনে অবস্থান নেয়। রেজিস্ট্রারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেনি। অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। শিক্ষক সমিতির ডাকা এই কর্মসূচিতে অচল হয়ে পড়েছে শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ড। শিক্ষকদের এ ধরনের কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিকে লিখিতভাবে জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ভিসি মো. অধ্যাপক আনোয়ার হোসেন।
তবে শিক্ষক সমিতির ক্লাস-বর্জনের কর্মসূচি প্রত্যাখ্যান করে ক্লাস নিয়েছে বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক মঞ্চ’ ও ভিসি সমর্থক সাধারণ শিক্ষক পর্ষদ। ভিসির পদত্যাগের সময় বেঁধে দিয়ে ২২ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করে আসছিল শিক্ষক সমিতি। বেঁধে দেয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় ২ নভেম্বর থেকে সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির পরবর্তী সাধারণ সভা না হওয়া পর্যন্ত চলমান কমসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী চাকরিবিধি সংক্রান্ত একটি চিঠি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারকে দিয়েছে ভিসি। তবে কোন চিঠি পাননি বলে জানান অধ্যাপক অজিত কুমার মজুমদার। এদিকে ক্লাস-পরীক্ষার দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
জাকসুর নির্বাচন কমিশন গঠন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ। এছাড়া সদস্য পদে থাকবেন ট্রেজারার অধ্যাপক আবুল খায়ের, বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম, বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ ড. সোহেল আহমেদ ও প্রক্টর অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।
