বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আন্দোলন যদি করেন, নিজ উদ্যোগেই করেন। বেঈমানদের নিয়ে আন্দোলনে সফলতা আসে না। ঢাকা শহরে আন্দোলন না হওয়ার একমাত্র কারণ শেখ হাসিনার কিছু লোক বেগম জিয়া লালন-পালন করছেন।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘সংলাপ না সংঘাত, নির্বাচন না তৃতীয় শক্তি, কোন্পথে রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, ড. তুহিন মালিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপি প্রমুখ।
গয়েশ্বর সরকারের উদ্দেশে বলেন, আমাদের সাথে সংলাপে বসুন আর না বসুন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিটা মেনে নিন। সংলাপ করে অতীতেও কোন সমাধান হয়নি এখনো সমাধান হবে না।
