সারাদেশে নানা কর্মসূচির মধ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেলহত্যা দিবস। জাতি শ্রদ্ধা নিয়ে স্মরণ করল মহান চার নেতাকে। আমাদের অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী অফিস:রবিবার সকালে মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপি, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, এএইচএম কামরুজ্জামানের ছেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিনসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা। পরে মহানগরীর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বরিশাল অফিস
জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ নানা কর্মসূচি পালন করেছে। সকাল ৯টায় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা নগরীর সোহেল চত্বরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া জাতীয় চার নেতার স্মরণে বিকাল ৪টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর : সকালে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান শেষে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কিশোরগঞ্জ: জেল হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নিজ জন্মভূমি কিশোরগঞ্জে জেল হত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগ ও কিশোরগঞ্জ পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বিকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. মাজহারুল ইসলাম ভুঁইয়া কাঞ্চন। বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছোটভাই ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
পিরোজপুর অফিস: জেল হত্যা দিবস উপলক্ষে স্থানীয় টাউন হল ময়দানে জেলা আওয়ামী লীগ এক সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আকরাম হোসেন খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল এমপি, অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, লায়লা ইরাদ, জিয়াউল আহসান গাজী প্রমুখ।
