শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন থেকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। চিকিত্সকের পরামর্শে গতকাল রবিবার বিকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এরআগে সকাল থেকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় কর্তব্যরত চিকিত্সক তাকে সিসিইউ’তে স্থানান্তরের নির্দেশ দেন। রামেক হাসপাতালের হূদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রইসউদ্দিন দুলুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
রামেক হাসপাতালের ইনডোর মেডিক্যাল অফিসার ডা. সাফায়েত হোসেন প্রামাণিক জানান, বর্তমানে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ‘আনস্টেবল এ্যানজাইমা’ রোগে ভুগছেন। তার শ্বাসকষ্ট এবং বুকে এখনো ব্যথা রয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুলুকে কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি হূদরোগে আক্রান্ত হলে গত ১৭ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
