ধ্বংসের অপর নাম হরতাল

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৪
দেশ ধ্বংস, দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়া, খেটে-খাওয়া মানুষের পেটে লাথি মারা, গাড়ি-বাস-ট্যাক্সি-টেম্পোতে আগুন লাগানো, পিকেটিং করা, ভয়ে দোকানপাট ও যানবাহন বন্ধের অপর নাম হচ্ছে হরতাল। এখন বিরোধী দল হরতালকে সাপোর্ট করছেন অথচ তাঁরা যখন ক্ষমতায় ছিলেন তখন হরতালের বিরুদ্ধে সুন্দর সুন্দর কথা বলেছেন। ঠিক তেমনি বর্তমান সরকার যখন বিরোধী দলে ছিলেন তখন তাঁরাও কম হরতাল দেননি? যা হোক, গত সপ্তাহে টানা ৬০ ঘণ্টা হরতালের পর আবার গতকাল থেকে ৬০ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। এভাবে হরতাল হলেই কি বর্তমান সমস্যার সমাধান হবে? কিন্তু সাধারণ মানুষ তো হরতাল চায় না। হরতাল জনপ্রিয়তা হারিয়েছে অনেক আগেই। এখন জনদুর্ভোগের অপর নাম হরতাল। রাজনীতি যদি মানুষের কল্যাণ হয়, তবে হরতালের বিকল্প ভাবতে হবে অবশ্যই। এ ব্যাপারে রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করছি। আর আলাপ-আলোচনার মাধ্যমে বর্তমান সমস্যার উত্তরণ ঘটাতে সরকার ও বিরোধী দলকে আন্তরিক হতে অনুরোধ জানাচ্ছি। মাহবুবউদ্দিন চৌধুরী, ১৭ ফরিদাবাদ, গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪